চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে পটিয়া থানাধীন শান্তিরহাট এলাকার মহিরা মোহাম্মদ্দিয়া তৈয়বিয়া নূরানী দাখিল মাদ্রাসার পাশের সড়কে। চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস (রেজি: চট্ট মেট্রো জ ১১-০৮৪২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ একটি দ্রুতগতির গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে খাদে পড়ে যায়। এতে ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
অন্যদিকে সকাল ৯টা ৪০ মিনিটে পটিয়া বাইপাসের কচুয়া মহাজন রোড এলাকায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজগামী শিক্ষার্থীদের একটি বাস (রেজি: ঢাকা মেট্রো ব ১৩-০১০২) ও হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস (রেজি: ঢাকা মেট্রো ব ১৪-২৬১৭) এর মুখোমুখি সংঘর্ষ হলে আরও ২৫ জন শিক্ষার্থী আহত হন।
পুলিশের দেওয়া তথ্যমতে আহতরা হলেন, মমতাজ (৩২), শাহ আলম (৩৫), আলি আহমদ (৭০), রাজীব দে (৩৪), মো. মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২৫)।
দুই দুর্ঘটনায় আহত মোট ৪০ জনের মধ্যে ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৮ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা সেখান থেকে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, আমাদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে যারা ভর্তি হয়েছে তাদের আহতের মাত্র গুরুতর নয়। এখনো আমার কাছে বিস্তারিত তথ্য আসেনি, আমরা খোঁজ নিচ্ছি।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সারোয়ার কামাল বলেন, আমাদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে আহত অবস্থায় ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, “চট্টগ্রামমুখী বাসটি মহিরা এলাকায় পৌঁছালে একটি গাড়ি পাশ থেকে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়।”দুটি ঘটনাতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
আর এইচ/
