চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পারিবারিক কলহের জেরে শিল-পাটা দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম কুনসুমা বেগম (৪০)। তিনি বান্দরবানের আলীকদম এলাকার বাসিন্দা এবং দিনমজুর আজিজ মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মিয়া ও কুনসুমা বেগম দুই বছর ধরে খোয়াজনগরের নুরুল আবছারের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে আজিজ মিয়া ক্ষিপ্ত হয়ে রান্নাঘরের মরিচ বাটার পাথরের শিল-পাটা দিয়ে স্ত্রীকে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় কুনসুমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
নিহত কুনসুমার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তার মধ্যে বড় মেয়ে বিবাহিত বলে জানা গেছে।
খোয়াজনগরের বাড়ির মালিক নুরুল আবছার বলেন, “আজিজ ও কুনসুমা আমাদের বাসায় প্রায় দুই বছর ধরে থাকতেন। সকালে শুনলাম, আজিজ তার স্ত্রীকে হত্যা করেছে। পুলিশ তদন্ত করছে।”
নিহতের বড় মেয়ের জামাতা মো. সজীব বলেন, “খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছি। বিস্তারিত কিছু এখনও জানি না।”
স্থানীয় ইউপি সদস্য তাহের আহমেদ বলেন, “ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
ঘটনাস্থল পরিদর্শনকারী কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে আজিজ মিয়া শিল-পাটা দিয়ে স্ত্রীকে আঘাত করেন। তাকে আটকের চেষ্টা চলছে।”
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
