বন্যা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত করা হয়েছে আগামীকাল ১০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা।
এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড শুধুমাত্র ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় মানবিক বিবেচনায় পরীক্ষা স্থগিত করেছে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডকে দেশের সবকটি কেন্দ্রে একযোগে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। কারণ এই দুটি বোর্ডে একই প্রশ্নপত্রে সারা দেশে একসঙ্গে পরীক্ষা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বুধবার (৯ জুলাই) রাতে জানান, ফেনী জেলার তিনটি উপজেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোয় ওই এলাকায় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমাদের বোর্ডের পরীক্ষা একই প্রশ্নপত্রে সারা দেশে নেওয়া হয়। কোনো অঞ্চলে সমস্যা হলে আংশিকভাবে পরীক্ষা নেওয়ার সুযোগ থাকে না। তাই সারাদেশের আলিম পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি।”
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও একই সমস্যায় পড়েছে। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা একযোগে একই প্রশ্নপত্রে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার কারণে সারাদেশেই পরীক্ষা স্থগিত করতে হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ডগুলো। এ নিয়ে নিয়মিত খোঁজ রাখতে পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন থেকে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী প্রায় ১২ লাখ ৫১ হাজার। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট, ব্যবহারিক পরীক্ষা চলবে ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত।
আর এইচ/
