রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নকুল মল্লিক (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
গত সোমবার (৯ জুন) বিকেলে নদীতে মাছ ধরতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
নকুল মল্লিক কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কয়লারডিপু এলাকার বাসিন্দা।
জানা গেছে, তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, গতকাল সোমবার বিকেলে নকুল নামের ওই ব্যক্তি কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। এ সময় তিনি অন্য এক মাঝির নৌকা নিয়ে নদী পার হন। পরে নৌকাটি খুঁজে পাওয়া গেলেও আজ মঙ্গলবার পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
এই নিয়ে দুই দিনে তিনজন নিখোঁজের ঘটনা ঘটেছে কর্ণফুলী নদীতে।
মঙ্গলবার (১০ জুন) সকালে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন কর্ণফুলী নদীতে খেলতে নেমে মোহাম্মদ ইমন (৬) এবং আরিফা আক্তার নামে দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট এলাকায় ভাসমান অবস্থায় আরিফার মরদেহ উদ্ধার করা হলেও খোঁজ মেলেনি ইমনের।
চট্টগ্রাম নিউজ/ এসডি/
