চট্টগ্রামের পটিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তির নাম নুরুল হক (৬০)। তিনি পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার নুরুল আফসারের পুত্র।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে মাঝেরঘাটা এলাকায় নিজ বাড়ির ভিটা সংক্রান্ত পুরনো বিরোধের জেরে একদল ব্যক্তি নুরুল হকের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এঘটনায় অভিযুক্তরা হলেন, একই এলাকার সেলিমুল হক (৪৫), শহিদুল হক বাসেক (৪৪), এবং কাউছারুল হক বাপ্পা (৩৬)।
ঘটনার পর পটিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহতের মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
