সিনিয়র সচিব পদমর্যাদায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মনির হায়দার।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এই পদে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
মনির হায়দার বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। অচিরেই দেশে ফিরে তিনি এ পদে যোগদান করবেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
হায়দার দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের উপদেষ্টা। এছাড়া তিনি একজন নাগরিক অধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার হিসাবেও পরিচিত।
বিশেষ সহকারী হিসেবে তিনি প্রধান উপদেষ্টার পক্ষে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে লিয়াজোঁ এবং যোগাযোগ রক্ষায় ভূমিকা পালন করবেন বলে জানা গেছে।
চ নি / আর এইচ
