বিএনপির বোঝা উচিত বিদেশি শক্তি তাদের ব্যবহার করবে। এরপর টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জুন) জাতীয় সংসদে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মতিয়া চৌধুরী বলেন, বিএনপি মনে করছে বিদেশিরা দোলনায় চড়িয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তাদের বোঝা উচিত বিদেশি শক্তি তাদের ব্যবহার করবে। তারপর টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলে দেবে। তাদের ক্ষমতায় বসাবে না। জনগণই একমাত্র তাদের ক্ষমতায় বসাতে পারে।
তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। আমরা চাই সবার অংশগ্রহণে একটি গণতান্ত্রিক নির্বাচন। কিন্তু বিএনপি তাতে বিশ্বাসী নয়। তারা সাংবিধানিকভাবে ক্ষমতায় আরোহণ করে না। তাই তারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে এবং বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করার জন্য বিএনপি বিদেশে লবিং করছে।
স্যাংশনের জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার তা তারা করার চেষ্টা করছে। দেশি-বিদেশি চাপ যতই আসুক জনগণ নতি স্বীকার করবে না। ষড়যন্ত্র চলছে, চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাবেন।
