রাঙ্গুনিয়ায় বিভিন্ন অনিয়ম ও অপরাধের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার রোয়াজার হাট এলাকার এসব প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াজার হাট এলাকার আজিজ ফার্মেসিতে নষ্ট ফ্রিজে ইঞ্জেকশন সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, অননুমোদিত ও মিসব্র্যান্ডেড ঔষধ বিক্রিসহ লাইসেন্স বিহীন শিশুখাদ্য বিক্রির অপরাধে ড্রাগ এক্ট ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর আওতায় ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং একই এলাকার হালিমা কসমেটিকসকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অপরাধে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় নষ্ট ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণে রাখা সকল ঔষধ জব্দ করা হয়েছে।
এছাড়াও হালিমা কসমেটিকস এর এ সকল প্রসাধনী পণ্য বৈধ উপায়ে আনা হয়নি, যার ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বলেও জানা গেছে। ভ্রাম্যমাণ আদালতের এ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম জানান, “বিএসটিআই এর অনুমোদনহীন এসব প্রসাধনী সামগ্রীর ব্যবহার অত্যন্ত ঝুকিপূর্ণ বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক করতে এ জরিমানা করা হয়েছে”।
