দিনাজপুরে বিরল উপজেলায় ট্রাকের ধাক্কায় এক স্কাউট সদস্য নিহত হয়েছেন।
নিহতের নাম দ্বীনি আর্জুম(২৭) । তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মী নারায়নী গ্রামের এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক সিনিয়র রোভার মেট।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
বাংলাদেশ স্কাউটের নির্বাহী সদস্য লোকমান হাকিম বলেন, দ্বীনি বিরল উপজেলায় আরডিআরএসে চাকরি করতেন। দুপুরে তিনি তার ব্যবহৃত স্কুটি নিয়ে অফিসের কাজে বের হন। পথে শংকরপুর এলাকায় পৌঁছালে তাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোকমান হাকিম আরও বলেন, চিকিৎসক দ্বীনির উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোরাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
