মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। নতুন বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষকসহ দেশের সবার ভাগ্য বদলাতে সরকার কাজ করছে। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সকালে যখন আমি ঢাকা থেকে প্লেনে উঠলাম, প্লেনে পত্রিকা থাকে, আমি পত্রিকাগুলো দেখলাম কী কী নিউজ আছে। পত্রিকাগুলোর মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে, প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।

তিনি বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট। এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর ওপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে এনেছি।

প্রধানমন্ত্রী বলেন, এই বাজেটে কিডনি ডায়ালাইসিসের ওষুধ থেকে কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে প্রতিটি ডায়ালাইসিসের রোগীদের ৮০০ থেকে ১ হাজার টাকা সাশ্রয় হবে। হার্টের বাইপাস ও স্টেন্টিংয়ে আগে যেখানে সোয়া লাখ টাকা খরচ হতো, তা কমে এখন প্রায় ৫০-৬০ হাজার টাকায় নেমে আসবে। একইভাবে চোখের লেন্সের ওপর থেকেও কর প্রত্যাহার করা হয়েছে, যা বয়স্ক ও অবসরপ্রাপ্ত মানুষের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা বাজেটের দিন দেখলাম। বাজেটের পরেও দেখলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম। বিভিন্ন সংবাদ দেখলাম। বিভিন্ন ভিডিও দেখলাম। কী দেখলাম? কতগুলো রাজনৈতিক দল তারা বিএনপি সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট।

এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের ওপরে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপরে ট্যাক্স কমিয়েছে, যাতে করে মানুষ একটু শান্তিতে, স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের ওপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের ওপরে ট্যাক্স বাড়িয়েছে। মদের ওপরে ট্যাক্স বাড়িয়েছে।

এখন যেই রাজনৈতিক দলগুলো ‘মানি না, মানবো না’ বলছে, তাহলে কী আমরা ধরে নেব তারা সিগারেট এবং মদের ওপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য ‘মানি না, মানবো না’ করছে? তাহলে যারা মদের ওপরে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ জানায়, সিগারেটের ওপরে ট্যাক্স বাড়ানোর প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না।

তিনি বলেন, আমরা নির্বাচনের আগেও দেখেছি, এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। শুনেছেন না, দেখেছিলেন না? এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? না। কেন বলে না? কারণ ওই টিকিট দেওয়ার কোনো মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন এই যে যারা মদের ওপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের ওপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। যারা জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধিতা করে, তারা প্রকৃত অর্থে জনগণের স্বার্থের পক্ষে নয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা নির্বাচনের সময় বলেছিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি যখন বিদেশ থেকে ১৭ বছর পরে এই দেশে ফিরে আসি, সেই সময় আমি আপনাদেরকে বলেছিলাম—‘আই হ্যাভ এ প্ল্যান’। আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করার জন্য, আমাদের মা-বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার জন্য, এই দেশে শিল্প-কারখানা গড়ে তোলার জন্য, এই দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য, এই দেশের মানুষের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা—এগুলোই হচ্ছে ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর অংশ।

তিনি বলেন, দেশ স্বাধীনের পর থেকে আমরা দেখেছি, যখনই দেশ সামনের দিকে এগিয়ে যেতে চেষ্টা করেছে, যখনই শহীদ জিয়ার নেতৃত্বে, যখনই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করেছে, যখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করেছে, ঠিক সেই সময়ে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র শুরু করেছিল। আমরা দেখেছি কীভাবে ১৯৮১ সালে শহীদ জিয়াকে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি কীভাবে মাসের পর মাস হরতাল আহ্বান করে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। অতীতের মতো এখনো কিছু মহল দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে জনগণের সমর্থন নিয়ে সরকার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পরিকল্পনা বাস্তবায়ন করে যাবে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না প্রমুখ বক্তব্য দেন।

৯টা ৫৫ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। দিনব্যাপী কর্মসূচির শুরুতে পাতলী খাল পুনঃ খনন কর্মসূচি উদ্বোধন করেন, অংশ নেন সুধী সমাবেশে। এরপর ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সন্ধ্যায় চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় আসেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি পেকুয়ায় নতুন পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন, শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজ করেন।

চকরিয়ার জনসভা শেষে তিনি কক্সবাজারে লং বিচ হোটেলে সুধী সমাবেশে যোগদান করবেন। এ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।

দেড় দশকের বেশি সময় লন্ডন থাকার পরে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যগরিষ্ঠতা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তারেক রহমানের এটিই প্রথম কক্সবাজার সফর।

চট্টগ্রামনিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ শিল্পের দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ...

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।আজ ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায়...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। এই বিশাল বাজারে বাংলাদেশের জন্য অপার সুযোগ...