কক্সবাজারের উখিয়ার বালুখালীর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা মাঝি নিহত হওয়ার ঘটনায় উখিয়া থানায় হত্যা মামলা করেছেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০)।
এ ঘটনায় এজাহারভুক্ত তিন আসামীকে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাহ মিয়া (৩২), মোঃসোয়াইব ( ১৯) ও জাফর আলম (৫৪)।
বুধবার রাত ১টায় পাঁচজনের নাম উল্লেখ করে সাত থেকে আটজনকে অজ্ঞাতনামা দেখিয়ে এ মামলাটি দায়ের করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব এবং সাবমাঝি সৈয়দ হোসেন নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনই হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
