গত বছরের ডিসেম্বরে জাভি হার্নান্দেজ যখন বার্সেলোনার দায়িত্ব নেয়, তখন লা লিগায় ক্লাবটির অবস্থান ছিল নয় নম্বরে। এর পরের গল্পটা সবারই জানা। এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। টানা ১৫ ম্যাচ ধরে অপরাজিত। জাভির অধীনে আবারও পুরনো অপ্রতিরোধ্য রুপে ফিরেছে কাতালান ক্লাবটি।
আজ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুটের মুখোমুখি হবে বার্সা। এর আগে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। তাই আজ ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প নেই। তার আগে গতকাল (১৩ এপ্রিল) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাভি।
এ সময় তিনি বার্সেলোনাকে বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব বলে বর্ণনা করেন। জাভি বলেন, ‘আমরা জিততে এবং ভালো খেলতে বাধ্য। এটাই বার্সা। ৯০ মিনিটে ১-০ গোলে জয় যথেষ্ট নয়, আমরা এটা জানি।’
‘যারা আমাদের ক্লাবকে জানে তাদের জন্য, আমরা যা কিছু করি কার শ্রেষ্ঠত্ব সম্পর্কে। এ কারণেই এটা বিশ্বের মধ্যে সবচেয়ে কঠিন ক্লাব। এখানে কোনো তুলনা নেই। বিশ্বে এমন আর কোনো ক্লাব নেই, যাদের জেতার পাশাপাশি ভালো খেলারও ডিমান্ড রয়েছে। এটি খুবই কঠিন,’ যোগ করেন তিনি।
