চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দাঁড়িয়ে থাকা দুটি সিএনজি অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম দোলন কান্তি দে সুমন (৫২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী কেবি বাজার এলাকার সাধন চন্দ্রের ছেলে।
একই ঘটনায় মো. রুবেল (৩০) নামে অপর এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর বাড়িও বাঁশখালীর বৈলছড়ী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল।
এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়।
মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু সাঈদ বাকের বলেন, বাসচালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের এক স্বজনের খোঁজ পেয়েছি। তিনি আসছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
