জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা.শফিকুর রহমান বলেছেন, বন্যা আক্রান্ত নারী-পুরুষ, বয়স্ক ও শিশুরা খুবই কষ্টের মধ্যে রয়েছেন।
এ বিপদে সরকারের প্রতি আহ্বান, যত দ্রুত সম্ভব বন্যা দুর্গত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে তাড়াতাড়ি সেখানে রিলিফ সামগ্রী পৌঁছানো হোক। পরবর্তীতে এমন পরিকল্পনা নেওয়া হোক যাতে মানুষকে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয়।
তিনি আজ (শুক্রবার) সকাল ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।
ডা.শফিকুর রহমান বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস জানিয়ে বলেন, আমরা বিরোধীদল হিসেবে, আমাদের অবস্থান থেকে সরকার যদি ভাল কোন উদ্যোগ নেন তাহলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমরা অংশীদার হবো। আশা করি সরকার জনগণের ডাকে সাড়া দিবেন। সরকার কার জন্য, সরকার তো মানুষের জন্য। মানুষের ডাকে ও বিপদে যে সরকার সাড়া দেয়, সে সরকার ভালো সরকার। আর যে সরকার মানুষের খোঁজ খবর নেওয়ার সময় পায়না, এটা কোন সরকারই না। আমরা চাই , সরকার মানুষের খোঁজ নিক , দায়িত্ব নিক এবং সমাধানেরও চেষ্টা করুক ।
উপস্থিত বন্যার্তদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্য সামগ্রীগুলো রিলিফ না , এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন। এও দোয়া করি, আল্লাহ যেন তাড়াতাড়ি আপনাদের এ বিপদ থেকে মুক্তি দেন এবং এ কষ্ট থেকে দীর্ঘস্থায়ী সমাধান দেন।
এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় এ্যাসিসট্যান্ট সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, ডাকসুর জিএস এস.এম ফরহাদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যান ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস, এম লুৎফর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।
চট্টগ্রাম নিউজ / এসডি/
