ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কিছু ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। এ কারণে মাহফুজ আলম ওই মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশগ্রহণও করবেন না।
মাহবুব আলম আরও বলেন, মাহফুজ আলমের সম্মতি ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করায় একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
দলীয় ও পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে আপাতত কোনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি মাহফুজ আলম। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হলেও সেটিকে কেবল শুভাকাঙ্ক্ষীদের অতিউৎসাহের বহিঃপ্রকাশ হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, জুলাই গণ–অভ্যুত্থানের সম্মুখসারিতে থেকে আন্দোলনের নীতি ও কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহফুজ আলম। তার আন্দোলনের সহযোদ্ধারা গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। শুরুতে দলটিতে মাহফুজ আলমের প্রভাব থাকলেও পরবর্তীতে তা কমে আসে। বিভিন্ন সময়ে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বলেও জানা গেছে।
এদিকে মাহফুজ আলম বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন—এমন আলোচনাও বিভিন্ন মহলে শোনা গিয়েছিল। তবে সর্বশেষ গতকাল জামায়াত ও সমমনা দলগুলোর ১০ দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে লেখেন, এই সমঝোতার আওতায় তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না এবং নির্বাচনে অংশ নেওয়ারও সিদ্ধান্ত নেননি।
আর এইচ/
