চট্টগ্রামের মিরসরাইয়ে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে বৃদ্ধ চাচা মৃত্যু। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধর নাম আবুল কালাম (৬০)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের
ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা হেলাল উদ্দিন একই এলাকার মৃত তাহের আহাম্মদের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছেন।
নিহতের ছেলে নাজমুল ইসলাম সবুজ জানান সোমবার সকালে তার বাবা বাড়ির পাশে একটি জমি পরিমাপের বিষয়ে তার জেঠাতো ভাই হেলাল উদ্দিনের সঙ্গে কথা বলছিলেন। কথোপকথন শেষ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেন। এসময় পেছন থেকে হেলাল উদ্দিন তার মাথা ও মুখে ইট দিয়ে আঘাত করেন। পরে তিনি সড়কের পাশে নর্দমায় পড়ে যান এবং হেলাল উদ্দিন পালিয়ে যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমিসংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করেই বিষয়টি সামনে আসে। এতদিন তাদের মধ্যে কোনো ঝগড়া-বিবাদ হয়নি। কী থেকে যে কী হয়ে গেল, তা বুঝে উঠতে পারছিনা।
জানা গেছে, নিহত আবুল কালাম জমিজমার কাজ করতো। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মুঠোফোন নাম্বারে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনের ঘটনা শুনে ওই বাড়িতে পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
