বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন। এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর শুক্রবার (৫ ডিসেম্বর) তাকে বিদায় জানাতে থানার হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পরিবেশটি ছিল আবেগময়।
নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালনকালে মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দ্রুত তদন্তের জন্য তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। স্থানীয়রা জানান, মানবিক আচরণ এবং সমস্যার প্রতি আন্তরিকতার কারণে তিনি এলাকার মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি বলেন, “ওসি মাসরুরুল হক দায়িত্বশীল ও মানবিক একজন কর্মকর্তা ছিলেন।”
সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “তার সৎ অবস্থান এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে।”
জামায়াতে ইসলামী উপজেলার আমীর আবু নাছের বলেন, “মানুষের প্রতি তার আন্তরিকতা ছিল প্রশংসনীয়।”
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন, “তিনি ছিলেন গণমাধ্যম-বান্ধব ওসি।”
বিদায়ী বক্তব্যে ওসি মাসরুরুল হক বলেন, “নাইক্ষ্যংছড়িবাসীর ভালোবাসা ও সহযোগিতা আমি সবসময় মনে রাখব। মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল আমার প্রথম দায়িত্ব।”
আর এইচ/
