কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ প্রায় সাড়ে ৮ লাখ টাকা, প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার আব্দুল হামিদ সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে সৌদি প্রবাসী তার ভাই জমির উদ্দিনের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী রেজাউল করিম জানান, গভীর রাতে বাড়ির পাশের গ্যারেজে মোটরসাইকেল দেখতে গেলে ১৫ থেকে ১৬ জনের মুখোশধারী ও দেশীয় অস্ত্রধারী ব্যক্তি তাকে জিম্মি করে। পরে তারা বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মো. তামিম বলেন, এলাকায় এ ধরনের সংঘবদ্ধ ডাকাতির ঘটনা আগে কখনও ঘটেনি। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান এবং পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম নিউজ / এসডি/
