চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং (সি আর বি) প্রাঙ্গণে অনুষ্ঠান আয়োজনের জন্য নতুনভাবে নির্ধারিত ভাড়া ও ফি চালুর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে নগরীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনগুলো এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে।

সংগঠনগুলোর দাবি, সি আর বি চট্টগ্রামবাসীর সাংস্কৃতিক, সামাজিক ও ঐতিহ্যবাহী কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। দীর্ঘদিন ধরে এই স্থানটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জন্য বিনামূল্যে উন্মুক্ত ছিল। কিন্তু নতুন নীতিমালা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের পথে বড় বাধা তৈরি করবে।
নতুন নিয়ম অনুযায়ী, সি আর বি শিরিষতলায় অনুষ্ঠান আয়োজনের জন্য প্রতি ঘণ্টায় ১ হাজার ৭৫০ টাকা ভাড়া এবং এর সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এছাড়া কমপক্ষে ৬ ঘণ্টার জন্য স্থানটি নিতে হবে, ফলে মোট ভাড়া দাঁড়াবে ১০ হাজার ৫০০ টাকা এবং ভ্যাটসহ প্রায় ১২ হাজার টাকার বেশি। তদুপরি, সোনালী ব্যাংকের মাধ্যমে ৫০০ টাকা জমা দিয়ে পারমিশন ফি বাবদ একটি ফরম ও ড্রাফট কপি জমা দিতে হবে।
এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে সোশ্যাল অর্গানাইজেশনস ফোরাম (SOF) ও চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন এক যৌথ স্মারকলিপিতে উল্লেখ করেছে—“সি আর বি শুধুমাত্র একটি স্থান নয়, এটি চট্টগ্রামবাসীর সংস্কৃতি ও নাগরিক চেতনার প্রতীক। সরকারি দপ্তরগুলোর সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির জন্য এই স্থানটি দীর্ঘদিন ধরে নাগরিকদের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু নতুন ফি প্রবর্তনের ফলে সামাজিক উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ড ব্যাহত হবে।”
ফোরামের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যদি দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে চট্টগ্রামের সব সামাজিক সংগঠনকে নিয়ে পরবর্তী ধাপে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সি আর বি চট্টগ্রাম নগরীর অন্যতম ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক এলাকা। এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। নতুন নিয়ম চালু হওয়ায় সংগঠনগুলো আশঙ্কা করছে— এতে সমাজসেবামূলক উদ্যোগ ব্যাহত হবে এবং তরুণদের অংশগ্রহণ কমে যাবে।
আর এইচ/
