সাহিত্য, সিনেমা ও সংস্কৃতির মিলনমেলায় মহাসমারোহে সম্পন্ন হয়েছে আহমেদাবাদ আন্তর্জাতিক সাহিত্য উৎসবের (এআইএলএফ) ঐতিহাসিক দশম আসর। ১১ ও ১২ অক্টোবর দুইদিনব্যাপী অনুষ্ঠিত এই উৎসবের মূল প্রতিপাদ্য ছিল “সাহিত্য ও চলচ্চিত্র”। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে উৎসবটি রঙিন হয়ে ওঠে।
উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক উমাশঙ্কর যাদব জানান, ২০১৬ সালে যাত্রা শুরু করা এ আয়োজন আজ এক অনন্য সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে, যা সাহিত্য, চলচ্চিত্র ও সৃজনশীলতার সেতুবন্ধন গড়ে তুলছে।
উৎসবে অংশ নেন—জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রঘুবীর চৌধুরী,প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব জে. ডি. মাজেঠিয়া, অভিনেতা মুশতাক খান,চলচ্চিত্র নির্মাতা ও কস্টিউম ডিজাইনার পিয়া বেনেগাল,লেখিকা শোভা অকসর,গুজরাটি সিনেমার নায়ক হিতেন কুমার
এছাড়া ছিলেন আইসিসিআর আহমেদাবাদের সাব জোনাল ডিরেক্টর শ্রী সুভাষ সিং, কবি ও পদ্মশ্রীপ্রাপ্ত তুষার শুক্লা, সংগীত পরিচালক অরবিন্দ ভেগদা, স্ক্রিনরাইটার স্নেহল চৌধুরী, লেখক উৎকর্ষ পাটেল, অধ্যাপক ড. রাজেশ চন্দওয়ানি প্রমুখ।
উৎসবের প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল সিরিন ফিল্মসের নতুন হিন্দি চলচ্চিত্র “ড্রপ আউট”-এর ট্রেলার লঞ্চ। উপস্থিত ছিলেন—নির্মাতা ও অভিনেতা উমাশঙ্কর যাদব,পরিচালক ওমকার পেঠকার,অভিনেত্রী তনুশ্কা শর্মা,অভিনেতা উদয় সিংহ ও মুশতাক খান ।
আইসিসিআর কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ থেকে অংশ নেন বেশ কয়েকজন বৃত্তিপ্রাপ্ত তরুণ। গুজরাট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও চলচ্চিত্র বিভাগের শিক্ষার্থী অভ্র বড়ুয়া আবেগঘনভাবে পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা “At the Last Watch”, যা দর্শকদের করতালির মাধ্যমে অভিভূত করে।
পাশাপাশি, অনুরূপা ত্রিপুরা ও সাংচি ক্লারা পরিবেশন করেন মনোমুগ্ধকর বাংলার লোকনৃত্য, যা দর্শকদের মুগ্ধ করে।
গুজরাট ট্যুরিজমের পৃষ্ঠপোষকতা ও আইসিসিআর-এর সাংস্কৃতিক সহায়তায় অনুষ্ঠিত উৎসবে অংশ নেয় ৭টি দেশের প্রতিনিধি—বাংলাদেশ, আফগানিস্তান, ব্রাজিল, উগান্ডা, আজারবাইজান, মালাভি, মাদাগাস্কার ও মিয়ানমার।
১২টিরও বেশি আলোচনাসভা, কবিতা আবৃত্তি, শিশু সাহিত্য পাঠ, সংগীত, নাটক ও চলচ্চিত্রভিত্তিক উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করে।
