দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় (২০ জুন সকাল ৮টা থেকে ২১ জুন সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩৫২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের একদিনে সর্বাধিক শনাক্ত রোগীর সংখ্যা।
শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৪২৯ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, জুন মাসে এখন পর্যন্ত ৩ হাজার ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৮২ জন রোগী। এর মধ্যে ঢাকায় ২২৯ জন এবং অন্যান্য বিভাগে ৬৫৩ জন রোগী চিকিৎসাধীন।
বিভাগওয়ারি হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ১৬৭ জন, চট্টগ্রামে ৭৬ জন, ঢাকায় ১৫ জন, খুলনায় ৮ জন এবং রাজশাহীতে ২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, জানুয়ারিতে ভর্তি: ১,১৬১ জন | মৃত্যু: ১০ জন ফেব্রুয়ারিতে ভর্তি: ৩৭৪ জন | মৃত্যু: ৩ জন , মার্চে ভর্তি: ৩৩৬ জন | মৃত্যু: ০, এপ্রিলেঃ ভর্তি: ৭০১ জন | মৃত্যু: ৭ জন, মে মাসে ভর্তি: ১,৭৭৩ জন | মৃত্যু: ৩ জন, জুন মাসে (২১ জুন পর্যন্ত) ভর্তি: ৩,০৮৪ জন | মৃত্যু: ৮ জন
স্বাস্থ্য অধিদফতর সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
আর এইচ/
