একটি তরুণ প্রাণ। বয়স মাত্র ২৪। সামনে ছিল ভবিষ্যতের অজস্র সম্ভাবনা, হাসিমুখে গড়া স্বপ্নের দিনলিপি। কিন্তু জীবনের তীব্র লড়াই আর নিজের আত্মসম্মানের ভার হয়তো বেশি হয়ে উঠেছিল ফটিকছড়ির দক্ষিণ জুজখোলার ছোটন কান্তি দে’র জন্য।
মিরসরাইয়ের আমবাগান রেলবিট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। ছোটনের নিথর দেহ পাওয়া যায় রেললাইনের ধারে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারি হয়ে ওঠে আকাশ-বাতাস।ছোটন নারায়ণহাট বাজারে একটি মোবাইল ফোনের দোকান চালাতেন।
মৃত্যুর আগমুহূর্তে ছোটন তার এক ঘনিষ্ঠ বন্ধুকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই হৃদয়বিদারক বার্তাটি এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বার্তায় তিনি লেখেন:
“জীবন যুদ্ধে হেরে গেলাম”
আমি আজীবন নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যন্ত্রণাশীল থেকেছি…
প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আমার নেই।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবার থেকে কেউ নিশ্চিত করে বলতে পারেননি—ছোটনের মৃত্যু আত্মহত্যা নাকি দুর্ঘটনা।
মিরসরাই থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আত্মহত্যা না দুর্ঘটনা—তা পরিষ্কারভাবে জানতে সিসিটিভি, মোবাইল বার্তা ও অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।
