মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৩৮) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোল মোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দিলে এসময় বাস ও কার্ভাডভ্যান মহসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল আলম ঘটনাস্থলে মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরবর্তীতে গাড়ী দু’টি মহাসড়কের পাশে জমিতে উল্টে পড়ে। এসময় কাভার্ডভ্যান চাপায় সামনে থাকা কামরুল আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
