৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে গত ২৯ মে অনুষ্ঠিত হয়েছে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন।
প্রথমবারের মত নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাজিমাত করেছেন মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদম দিদারুল আলম। অন্যদিকে প্রথমবার নির্বাচন করে বড় চমক দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান।
বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলার ১২ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম।
শপথ শেষে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেন, আমি হাঁটতে চাই জনতার পাশে। আমার এই বিজয় দলমত নির্বিশেষে সকল পটিয়াবাসীর। আমি চেষ্টা করব পটিয়া উপজেলাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে। একটি আধুনিক উন্নত সমৃদ্ধ স্মার্ট মডেল পটিয়া গঠন করা আমার স্বপ্ন।
ভাইস চেয়ারম্যান ডা. এমদাদুল হাসান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা এবং খেলাধুলায় মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, সে লক্ষ্যে কাজ করেছি। মানুষের বিপদে এগিয়ে আসার চেষ্টা করেছি। এখন ভাইস চেয়ারম্যান পদের পরিধি বিবেচনা করে আমার করণীয় পালন করে যাব।
