সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে হজের শুরুতে আজ শুক্রবার মিনায় যাচ্ছেন হজযাত্রীরা।
মিনার শান্ত উপত্যকা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য প্রস্তুত। সেখানে একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছেন তারা। পবিত্র ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে এই আধ্যাত্মিক যাত্রা শেষ হবে।
প্রায় এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় সমবেত হয়েছেন। সৌদি আরবের সরকারি প্রতিবেদন অনুসারে, হজের প্রত্যাশায় ইতিমধ্যে ২০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আরও কয়েক হাজার স্থানীয় সৌদি নাগরিক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
মূলত মক্কার বাইরের সীমানা অতিক্রম করার সময় ইহরাম (একটি সাদা পোশাক) পরিধানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জিলহজ মাসের ৭ ও ৮ তারিখের প্রাক্কালে হাজিরা ৮.১ কিলোমিটার দূরত্বের মিনায় তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন।
তারবিয়্যাহ দিবস নামে পরিচিত জিলহজ মাসের ৮ তারিখে মিনার শান্ত প্রাঙ্গণে হজযাত্রীদের দোয়া ও ধ্যানে নিমগ্ন থাকতে দেখা যায়।
জিলহজ মাসের ৯ তারিখ ভোরে হজযাত্রীরা তাদের সফরের গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদুল নামিরাহ থেকে হজের খুতবা শুরু করবেন। এরপর সূর্যাস্তের সাথে সাথে হজযাত্রীরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে মাগরিব এবং এশার নামাজে অংশ নেবেন।
হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন, মাথা মুণ্ডন করবেন। তারপর মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ করবেন। তাওয়াফ, সাঈ শেষে আবার মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন। সেখানে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। প্রত্যেক শয়তানকে ৭টি করে পাথর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির বা ছোট শয়তান, এরপর জামারায় ওস্তা বা মেজ শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তানকে পাথর মারতে হবে। মিনার আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীরা মক্কায় ফিরে যান এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করেন। যা ‘বিদায়ী তাওয়াফ’ নামেও পরিচিত।
