চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ। চলবে ১০ মার্চ পর্যন্ত।
গতকাল রবিবার (১০ ডিসেম্বর) রাতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘আমরা আপাতত ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি। আগামী মঙ্গলবারের সভায় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে কি না তা নিশ্চিত করা হবে। এ ছাড়া আবেদন যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন, আবেদন ফির সিদ্ধান্ত পরের মিটিংয়ে চূড়ান্ত করা হবে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮ বিভাগ ও ৬ ইনস্টিটিউটে আসন আছে ৪ হাজার ৯২৬টি। ভর্তি পরীক্ষা হবে চার ইউনিট ও দুই উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।
