আজ বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় পাঁচলাইশ থানা আওয়ামী লীগের উদ্যোগে মুরাদপুর চত্বরে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত তথাকথিত অবরোধের নামে একের পর এক ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজ করে যাচ্ছে।
২৮ অক্টোবর তারা পুলিশের একজন কনস্টেবলকে হত্যা করেছে। দেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
বিএনপি-জামায়াত অবরোধ ডেকে হঠাৎ করে তারা উদয় হয়, আগুন দিয়েই তারা ফের উধাও হয়ে যায়। তাদের আন্দোলন হচ্ছে সাধারণ মানুষের জানমালের ক্ষতি, সাধারণ মানুষকে হয়রানির মাঝে রাখা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে শক্তিমান, জনগণের বলে বলিয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়ী করতে হবে।
অত্র সমাবেশে নগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকির সভাপতিত্বে রফিউল হায়দার রফির সঞ্চালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, নগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসা, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, ৭নং পশ্চিম ষোলশহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রহিম, ৮নং শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরওয়াদী, আওয়ামী লীগ নেতা শাহজাহান সুফি, আব্দুল হাই, এস এম খালেদ বাবুল, জসীম উদ্দীন, নাজমুল আহসান, অহিদ চৌধুরী মুক্তি, তৌহিদুল আলম সেন্টু, এস এম আলমগীর, শাকিল মাহমুদ, এডভোকেট সুলতান জাহাঙ্গীর, শফিকুল ইসলাম দিলু, জাহেদুল আলম ও মাহমুদুল হক আবু প্রমুখ।
