আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে টানেল রচনায় বিজয়ী ৩১৫ শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের বঙ্গবন্ধু টানেল দেখানোর আয়োজন টি ছিল চোখ ধাঁধানো। টানেল দেখার স্বপ্ন পুরণ হওয়ায় আবেগ আপ্লুত শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা।
সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় আনোয়ারা উপজেলা প্রশাসন ১১টি বাস যোগে টানেলের মধ্যদিয়ে পতেঙ্গা সি-বীচ বেড়ানো উৎসবের আয়োজন করে ।টানেলে প্রবেশ করতেই উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। টানেল পেরিয়ে পতেঙ্গা বীচে পৌঁছা মাত্র পতেঙ্গা প্রান্তের চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে আনন্দে উৎসবে মেতে উঠে সবাই এসময় ছবি উঠানো আর বেড়ানোতে ব্যস্ত হয়ে পড়ে সকলে।

টানেল দেখা উৎসবে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো.ইশতিয়াক ইমন,সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মোমিন,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মানান চৌধুরী, কৃষি কর্মকর্তা রমজান আলী,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। 
রচনা প্রতিযোগিতায় বিজয়ী আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জয় গোবিন্দ রায় জানান, টানেল ভ্রমণের মধ্য দিয়ে নতুন ইতিহাসের সাক্ষী হতে পেরে অনেক আনন্দিত লাগছে। মোবাইলে টানেল এর ভিডিও দেখে ইচ্ছে জেগেছিল টানেল ঘুরে দেখার আজ উপজেলা প্রশাসনের উদ্যোগ সেই স্বপ্ন পূরণ হলো ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, এতো সুন্দর একটা টানেল আমরা দেখতে পারা সত্যি সৌভাগ্যের । প্রিয় দেশকে নিয়ে যে সুন্দর স্বপ্ন দেখেছিলাম দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন দেখে সত্যি মুগ্ধ হচ্ছি।
এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন বলেন, দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল টি আনোয়ারাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই এটি দেখার জন্য আনোয়ারার শিক্ষার্থীদের মধ্য হতে একটি রচনা প্রতিযোগিতার মাধ্যমে ৩১৫ শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন ও এতিম শিশুদের নিয়ে টানেল ভ্রমণের আয়োজন করি।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর বর্তমানে সপ্তাহ জুড়ে টানেল উৎসব চলতেছে।এই উৎসব ধরে রাখতে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,এতিম ও জনপ্রতিনিধি সহ টানেল বাড়ানোর আয়োজন করা হয়। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি স্মরণীয় দিন।
