চট্টগ্রামের মিরসরাইয়ে মৌমাছির কামড়ে নুরুল আলম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পূর্ব ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল আলম ওই গ্রামের আরকাঠি বাড়ির রমজান আলী বেচুর ছেলে।
আহতরা হলেন, একই বাড়ির মো. শাহজাজান (৬০), মো. রুবেল (৩০) ও মো. মনির হোসেন (৩২)। আহতদের মধ্যে শাহজাহান সীতাকুন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
স্থানীয়রা জানান, রোববার সকালে সবাই এক সাথে মাঠে কাজ করছিলেন। এসময় হঠাৎ মৌমাছির একটি দল এসে সবাইকে কামড়াতে থাকে। তাদের মধ্যে নুরুল আলম ও শাহাজান গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরুল আলম মারা যান। আজ আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। শাহজাহান হাসপাতালে চিকিৎসাধীন। রুবেল ও মনির প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. ইউসুফ নূরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌমাছির কামড়ে আমার ওয়ার্ডের একজন মারা গেছে। আরো ৩ জন আহত হয়েছে। মৌমাছির কামড়ে মারা যাওয়া খুবই দুঃখজনক।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, মৌমাছির পেছনে যখন ফুল থাকে তখন কাউকে কামড় দিলে শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তবে ওই ব্যক্তি যদি শারীরিকভাবে দুর্বল থাকে, অনেক সময় মারা যেতে পারে।
