চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী এবং ট্রাক চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার কমলমুন্সি হাট এলাকায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ পটিয়া ক্রসিং ফাঁড়ির পরিদর্শক স্নেহাংশু বিকাশ সরকার জানান।
নিহতরা হলেন, বাইক আরোজী আজিজুর রহমান (৩৫) এবং ট্রাকের হেলপার সৈয়দ আলম (৩৩)।
পরিদর্শক বিকাশবলেন, ট্রাকের সহকারী ও চালক খাবার খেতে হাইওয়ের পাশের রোস্তরাঁয় নেমেছিলেন, সামনে ট্রাকটি রেখেছিলেন তারা। খাওয়া দাওয়া শেষে ট্রাকটি মূল সড়কে তোলার সময় হেলপারের সংকেত দেখে পেছন দিকে থেকে আসা একটি মোটর সাইকেলটিও দাঁড়িয়ে যায় সেখানে।
আর ওই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা এসআর পরিবহনের একটি দ্রুত গতির বাস ট্রাক এবং এর পেছনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালকের সহকারী ও মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়।
বিকাশ জানান, ঘটনার পরপর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
