এশিয়া কাপের পর বিশ্বকাপেও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। চোট থেকে এখনও সেরে না ওঠায় দলে নেই পেসার দুশমান্থা চামিরাও।
দাসুন শানাকাকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার দিলশান মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা।
গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি হাসারাঙ্গাকে না পাওয়া শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কাই। গত অগাস্টে লঙ্কা প্রিমিয়ার লিগের প্লে-অফে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।
ধারণা করা হচ্ছিল, হয়তো এই লেগ স্পিনিং অলরাউন্ডারকে রেখেই ঘোষণা করা হবে বিশ্বকাপের দল। শেষ পর্যন্ত তা হলো না।
যদিও এসএলসি বিবৃতিতে বলেছে, খেলার জন্য ফিট হলে টুর্নামেন্ট চলাকালীন কেউ চোটে পড়লে বদলি হিসেবে বিবেচনা করা হবে হাসারাঙ্গাকে।
আগামী ৭ অক্টোবর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল: দাসুন শানাকা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (সহ-অধিনায়ক), পাথুম নিসানকা, কুসাল পেরেরা, দিমুথ করুনারত্নে, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাউইক্রামা, দুশান হেমান্থা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েল্লালাগে, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা।
রিজার্ভ: চামিকা করুনারত্নে।
