শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, ইসলামের জন্য কারা কাজ করছে তা জাতি দেখেছে। কারা ইসলামের নাম দিয়ে অন্য ধর্মের লোকদের উপর অত্যাচার নির্যাতন করেছে অগ্নি সন্ত্রাস করেছে তাও জাতি দেখেছে। তাই বর্তমান সরকার দ্বীনের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে এ অপপ্রচার করে কোন লাভ হবেনা।
উপজেলার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম.এ) মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টে শাহাদাতকারীদের সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক ‘চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা উল্লেখ করেন।
শনিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল বাসার ও অধ্যাপক শফিউল আজমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, মাদ্রাসা শিক্ষার প্রতি সরকার গুরুত্ব দেয়ার কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তাল মিলিয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। ৫২ টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু হয়েছে। ৮ হাজার ২২৯ টি মাদ্রাসা এমপিও ভুক্ত হয়েছে।
সকাল ১০ টা থেকে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত সমাবেশে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন, ছিপাতলী মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারাহ মোঃ ফরিদ উদ্দিন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন, উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
