রাউজানে শশুরবাড়িতে শখের বসে মাছ ধরতে গিয়ে কর্ণফুলীর শাখা খাল হ্রদ খালে হাত জাল আটকে গেলে সেটি উদ্ধার করতে নামলে খালে ডুবে মো. শফিউল্লাহ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিচা হাফিজুর রহমান সওদাগরের বাড়ির হাজী কলিম উল্লার ছেলে।
শুক্রবার ১১ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে নিহতের শশুরবাড়ী উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত শফিউল্লাহ শশুরবাড়িতে শখের বসে হাত জাল দিয়ে মাছ ধরতে গেলে পানিতে তার জাল আটকে যায়। জাল উদ্ধার করতে পানিতে নেমে নিখোঁজ হয়ে সে। পরে স্থানীয়রা প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার।
