হাটহাজারীতে প্রায় দেড় লক্ষাধিক গাছ লাগানোর কার্যক্রম শুরু করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের এ কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘২৩ সালে ২৩ লাখ’। অনেকে এ কর্মসূচিকে সবুজ বিপ্লবের সূচনা বলেও আখ্যা দিচ্ছেন। জানা যায়, এসকল গাছের মধ্যে থাকবে প্রধানত বনজ, ফলজ ও ভেষজ গাছ। এছাড়া সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হবে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুলের মতো বাহারি নানান গাছ।
বৃহস্পতিবার (১৩ই জুলাই) সারাদিনব্যাপী নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়, বুড়িশ্চর জিয়াউল আলম কামিল মাদ্রাসা, ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডক্টর শহীদুল্লাহ একাডেমী সহ উপজেলার প্রায় ১২ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আরো ৬’হাজার ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন,“চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যার পরিবেশ সুরক্ষায় নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ হলো পুরো জেলায় ২৩ সালে ২৩ লক্ষ গাছ লাগানো কর্মসূচি। স্যারের নির্দেশনায় হাটহাজারী উপজেলায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) গাছের চারা রোপনের প্রস্তুতি নেয়া হয়েছে। ১নং খাস খতিয়ানভূক্ত জমি, ইউনিয়নের বিভিন্ন সড়কসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন, শিক্ষার্থীদের নিজ বাড়ি, হালদা বেড়িবাঁধ, আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গন ও সুবিধাজনক স্থানসমূহে বৃক্ষরোপন করা হবে।”
উল্লেখ্য , গেল সপ্তাহের শনিবার (১লা জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এতে প্রায় দেড় লাখ গাছ লাগানোর উদ্যোগের কথা জানানো হয়। উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হাটহাজারী ৫ আসনের সাংসদ; সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।
