চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কোরিয়ান ইপিজেডের শ্রমিকবাহী একটি জীপের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বখতিয়ার পাড়া মিন্নত আলী দোভাষী বাজার সড়কে এই ঘটনা ঘটে বলে জানান বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ।
নিহত তিন বছরের মোঃ আজমাইন একই এলাকার মোঃ ছালেহ জঙ্গীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজমাইন সহ কয়েক জন শিশু বাড়ির পাশে মিল্লাত আলী সড়কে খেলছিল। এসময় কেপিজেড থেকে দ্রুত গতিতে আসা শ্রমিক বাহী জীপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আজমাইন।
বখতিয়ার পাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, স্থানীয় ভাবে ‘ সু-পেক্টরির গাড়ি ’ নামে পরিচিত জীপ গাড়িগুলোর চালকদের অনেক নিষেধ করা সত্ত্বেও তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এর আগেও ছোট-বড় কয়েকটি দুর্ঘটনা হয়েছে।
সিইউএফএল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাওয়ার্দী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন শিশু মারা গেছে। দূঘটনা কবলিত গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
