অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, মানি লন্ডারিংয়ের অভিযোগে এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে, এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৩৬৭ দশমিক ৫৫ কোটি টাকা।
আজ রোববার সংসদে সরকারী দলের সদস্য মোরশেদ আলমের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আ হ ম মুস্তফা কামাল বলেন, বিদেশে অর্থ পাচার ও মানি লন্ডারিং প্রতিরোধকল্পে বর্তমানে দেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ কার্যকর রয়েছে, যা প্রয়োজনের নিরিখে ২০১৫ সালে আংশিক সংশোধন করা হয়।
আরও পড়ুন : মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণ অসম্ভব নয়: অর্থমন্ত্রী
তিনি জানান, ২০১৫ সালের সংশোধিত আইনানুযায়ী, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন ও পুলিশের সিআইডি বিভাগ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থ পাচার প্রতিরোধে কাজ করে থাকে।
এর মধ্যে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্থপাচার সংশ্লিষ্ট মানি লন্ডারিং মামলাগুলোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ দপ্তরগুলো কর্তৃক অনুসন্ধান ক্রমে মামলা ও তদন্ত পরিচালনা করা হয়।
অর্থমন্ত্রী আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিপরীতে এ পর্যন্ত ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এর সঙ্গে জড়িত রাজস্বের পরিমাণ ৩৬৭ দশমিক ৫৫ কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড মানি লন্ডারিং আইন অর্থপাচার প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এ বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
