চট্টগ্রাম নগরীর অলঙ্কার মোড়ে বাড়তি ভাড়া আদায়ের দায়ে কয়েকটি বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
তিনি বলেন, আমরা কয়েকদিন আগে গিয়ে প্রতিটি কাউন্টারে বাসভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে নির্দেশনা দিয়েছিলাম। ঈদযাত্রায় বাস কাউন্টারে ভাড়ার তালিকা না টাঙিয়ে বাড়তি ভাড়া আদায় করায় কয়েকটি কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রী হয়রানি রোধে এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, ফিটনেসবিহীন ও ডেটফেইল গাড়ি রোডে না নামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
