আনোয়ারা উপজেলার রায়পুর ও জুঁইদণ্ডী ইউনিয়নে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ বসতঘর ভস্মিভূত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) রাত একটার দিকে উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নে ১নং ওয়ার্ড পরুয়াপাড়া গ্রামের ইয়াছিন তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইসহাক মেম্বার।
তিনি বলেন, রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আবদু ছালাম ,আবদুল কুদ্দুস, নুরুল আমিন, নুর মোহাম্মদ, জুলেখা বেগম, নুর ছোবান, আবদুচ ছোবান, আবুল হোসেন, বাবুল হক , সিরাজ উদ্দিন এর বসতঘর ভস্মিভূত হয়েছে।এতে করে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের ভাষ্যমতে এ ঘটনায় তাদের ৬০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে ভোর ৫টার দিকে উপজেলার ১১নং জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল ৯ নং ওয়ার্ডের হাজির পুরাতন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ ফারুক এর বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে ৭ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফারুক।দুই অগ্নিকাণ্ডে ঘটনার সূত্রপাত বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ বেলাল হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয় । তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে ।
