মিরসরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, চট্টগ্রামের বায়েজিদ থানার ৩ নং ওয়ার্ড সোনাপুর এলাকার বাহদুরের বাড়ীর আব্দুর রহমানের পুত্র মো. মহিউদ্দিন বাদশা (৪০) ও নোয়াখালীর বেগমগঞ্জ থানার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের লক্ষী নারায়নপুর এলাকার কালা আজগর পাটোয়ারী বাড়ী তোফায়েল আহম্মদের পুত্র মইপুল ইসলাম (৩১)।
এদের মধ্যে মহিউদ্দিন বাদশার শরীরে তল্লাশী চালিয়ে ১ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও মইফুল ইসলামের শরীরে তল্লাশী চালিয়ে ১ হাজার ১’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিউদ্দিন বাদশা ও মইফুল ইসলাম ২ হাজার ৬’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। যাহার আনুমানিক মূল্য ৭ লক্ষ ৮০ হাজার টাকা। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
