চট্টগ্রামের মিরসরাইয়ে ইটবোঝাই বেপরোয়া গতির মিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৩৫) নামে এক যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন। এ সময় চালক ও গাড়িটি আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৪নং ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মানিয়া মসজিদের কাছে আরাকান সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
মোশাররফ হোসেন ধুম ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন আলীর বাড়ির আব্দুল মোনাফ প্রকাশ তিতা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোশাররফ বাংলাবাজার মানিয়া মসজিদ আরাকান সড়কের পাশে গাছের ডাল কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় ইটবোঝাই দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে মোশাররফ হোসেনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি ও চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
