বসন্তের প্রথম হাওয়ার এ দিনে প্রকৃতিকে ভালোবাসার আহ্বানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হলো সুন্দরবন দিবস।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) র্যালি ও বৃক্ষরোপণের মাধ্যমে দিবসটি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পালিত হয়।
“বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ সুন্দরবনকে সংরক্ষণ ও সুন্দরবনের প্রাণ-প্রকৃতি ও জীব-বৈচিত্র রক্ষায় ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনা ছড়াতে ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি, জীব বৈচিত্র্য রক্ষায় সকল ছাত্রসমাজকে একযোগে কাজ করার আহবান জানিয়ে আজকের কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু থেকে র্যালি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে এসে র্যালিটি শেষ হয়, র্যালি শেষে বক্তারা সুন্দরবনকে সংরক্ষণে ছাত্র-ছাত্রী ও জনসাধারণের মাঝে সচেতনা ছড়িয়ে দিয়ে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতির বিকাশ ঘটিয়ে ক্যাম্পাসকে সবুজ অরণ্যে পরিণত করে প্রাণিদের অবাধ চলাচল ও প্রাণীর বেড়ে উঠার উপযুক্ত পরিবেশ তৈরি করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ আলাওল হল উদ্যানে সুন্দরবন দিবসকে স্মরণীয় করে রাখতে এবং সুন্দরবনের প্রেক্ষিতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ব্যক্ত করে সেই সাথে সুন্দরবনের প্রতি ভালোবাসা স্বরূপ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আজকের সুন্দরবন দিবসের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
সুন্দরবন দিবসের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং ভবিষ্যতে পরিবেশ সংসদের সকল কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করা হয়।
