একুশ শত একর জানেনা চারুকলার ঠিকানা, দাবি মোদের একটাই চারুকলা ক্যাম্পাসে চাই। এই স্লোগানগুলোতে আরো একদিন মুখরিত হলো চবি ক্যাম্পাস।
সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় চবির শহিদ মিনার প্রাঙ্গণে চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা।
গত ২ নভেম্বর থেকে ২২ দফা দাবি নিয়ে শুরু হয়েছিল এ আন্দোলন এরপর গত ২১ জানুয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। ২২ জানুয়ারি জেলা প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করে শর্তসাপেক্ষে ক্লাসে ফিরে যান শিক্ষার্থীরা। তবে শর্তপূরণ না হওয়ায় গত ৩১ জানুয়ারি ফের আন্দোলনে নামেন তারা। সর্বশেষ গত বৃহস্পতিবার সংস্কারকাজের জন্য ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম নিউজকে জানান, আমরা কোনো সংস্কার চাইনা, আমরা চারুকলা ক্যাম্পাসে চাই। সংস্কারের নামে টালবাহানা করে আমাদের ভোলানো যাবেনা। আমাদের একটাই দাবি, এই একটা দাবি আদায় না হওয়া পর্জন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে ক্যাম্পাসে আজকে আন্দোলনের দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের প্রশাসনিক ভাবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা প্রতিটি অনুষদের ডিনের কাছে এবং প্রশাসনিক দায়িত্বরত ব্যাক্তিদের কাছে স্বারকলিপি সহ গিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা আমাদের ইতিবাচক বা নেতিবাচক কোনো সাড়া দেননি। এছাড়া আরেকটি বড় সমস্যা হচ্ছে তারা আমাদের সাথে আলোচনায় বসতে রাজি হচ্ছে না,আলোচনায় না বসলে সমাধান কিভাবে হবে?
