মিরসরাইয়ে এক রাতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ও সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এই চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান শিক্ষা প্রতিষ্ঠানের দু’টির প্রধান শিক্ষক।
সুফিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল পারভেজ বলেন, বৃহস্পতিবার মধ্যরাতের চোরের দল আমার বিদ্যালয়ের অফিস কক্ষ, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মুজিব কর্ণারের তালা ভাংচুর করে ভিতরে প্রবেশ করে। এইসময় চোরের দল একটি তোশিবা ব্রান্ডের ল্যাপটপ, নগদ ৪০ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে যায়। আলমারির তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে চোর।
মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত ২ টা থেকে সাড়ে ৩ টার মধ্যে মুখোশ পরিহিত চোরের দল স্কুলের পশ্চিম পাশ্ব দিয়ে ভিতরে প্রবেশ করে। স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ৪ থেকে ৫ টি আলমিরার তালা ভেঙ্গে জিনিসপত্র এলোমেলো করে ফেলে। এসময় তারা নগদ ৬০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি হ্যান্ডসেট মোবাইলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে মুখোশ পরিহিত ৩ থেকে ৪ জন লোক চুরি করতে দেখা গেলেও স্কুলের নৈশ প্রহরীকে কোথাও দেখা যায়নি। শুক্রবার সকালে অফিস সহকারী স্কুলে এসে দেখেন অফিসের দরজা খোলা, ভিতরের আলমীরার তালা ভাঙ্গা এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে সে বিষয়টি আমাকে জানালে সাথে সাথে আমি মিরসরাই থানা পুলিশকে অবহিত করি। চুরির ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে আমি দু’টি স্কুল পরিদর্শন করে এসেছি এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে রাতে স্কুলের নৈশ প্রহরীকে কোথাও দেখা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই তাদের আটক করতে সক্ষম হবো।
