চট্টগ্রামের পটিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরির আঘাতে আহত আবদুল মান্নান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবদুল মান্নান পটিয়া পৌরসভার ইজারাদার এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাবিবুরপাড়া গ্রামের চান্দু মিঞা সওদাগরের ছেলে।
জানা যায়, গত ৩০ জানুয়ারি দুপুরে পৌর সদরের ডাকবাংলো মোড় এলাকায় অটোরিকশা পার্কিংয়ের ইজারাদার আবদুল মান্নান ও বদিউল আলমের সঙ্গে অটোরিকশাচালক ওমর আলীর বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে ওমর আলীর ছেলে কিশোর গ্যাং লিডার সোহেল তার দলবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে আবদুল মান্নান ও বদিউল আলমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবদুল মান্নান মারা যান। আহত বদিউল আলম (৪২) হাসপাতালে চিকিৎসাধীন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, পৌরসভার ১০ টাকার পার্কিং চার্জ নিয়ে ইজারাদারের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যের পিতা ওমর আলীর বাকবিতণ্ডা হয় এবং ছুরিকাঘাতে দুইজন আহত হয়। এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার প্রধান আসামি ওমর আলীকে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
