চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর এলাকায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত হয়েছেন ১৫ জন যাত্রী।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গ্রীন প্যালেস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি শ্যামলী পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখি এস আলম পরিবহণের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার উপজেলার সদরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। দূর্ঘটনায় উভয় বাসের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে গেছে। দূর্ঘটনা কবলিত গাড়ির কারণে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে সড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। সড়ক থেকে দূর্ঘটনা কবলিত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দূর্ঘটনা কবলিত বাস ২টি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
