ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, তরুণদের পারিবারিক মূল্যবোধ আর বাঙালিয়ানা চর্চায় জোর দিতে হবে। পাশাপাশি তাদের মধ্যে অতিরিক্ত প্রতিযোগিতার চাপ তৈরি না করে সময়ের সাথে নিজেকে গড়ে তোলার পরিবেশ করে দিতে হবে।’
শনিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রামের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এতে ১৫১১ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
ভূমিমন্ত্রী আরো বলেন, ‘একটা সময় আমরা শুধু অতীত আর বর্তমান নিয়ে ভাবতাম।এক সময় তো এই ভাবনাটা ছিলো না। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আমরা এখন কথা বলছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়ে প্রথমবার আমাদের মাথায় এমন ভাবনা তৈরি করেছেন। সেটা সফলও হয়েছে, এখন তিনি বলছেন ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ হবো। সে বাংলাদেশের দায়িত্ব তোমাদের নিতে হবে। নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে। ভিশন নিয়েই এগিয়ে যেতে হবে।’
মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাজ্জাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভানেত্রী ডেইজি সারোয়ার, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরী।
