পটিয়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের একজন হলেন আমান উল্লাহ শিমুল (৩৭), অপরজন হলেন জিয়াউল হক রুবেল(২২)। আমানউল্লাহ শিমুল যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং জিয়াউল হক রুবেল পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পটিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিমুলের বড় ভাই পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ জানান , সন্ধ্যার দিকে মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার সংঘর্ষের কারণে রুবেল এবং জুবায়েদ নামের এক যুবকের সাথে কথা কাটাকাটি থেকে মারামারি হয়। এই ঘটনায় রুবেল আহত হয়ে পটিয়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলে একদল যুবক মোটরসাইকেলে করে এসে দা,কিরিচ নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত সটকে পড়ে ৷এতে আমানউল্লাহ শিমুল ও রুবেল গুরুতর জখম হলে পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেন।
পটিয়া থানার ওসি তদন্ত রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় এখনো পর্যন্ত কোন অভিযোগ না আসলেও ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে। আমরা তাদের দ্রুত গ্রেপ্তার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করব।
