রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় ১জনকে গুলি করে হত্যাসহ কুপিয়ে গুরুতর জখম করেছে আরও ৫ জনকে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিক সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড এজাহার মিয়া ফকিরের বাড়িতে এই ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. মোজাহেদ (৩০) ওই এলাকার মো. হারুনের ছেলে। মোজাহেদ গুলিবিদ্ধ হলে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এছাড়াও সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের কোপে আহতরা হলেন, একই এলাকার আবদুর রশিদের ছেলে মো. জামাল (২৫), মৃত কেরামত আলীর ছেলে আবু তাহের (৩৫), মো. ইব্রাহীমের ছেলে মো. ফরহাদ (১৯), খায়ের আহাম্মদের ছেলে জালাল উদ্দীন (৩০) ও বাদশা মিয়ার ছেলে মো. ফয়জুল্লাহ (২৫)। আহতরা সবাই পেশায় দিনমজুর।
নিহত মোজাহেদ মাত্র ৭মাস আগেই বিয়ে করেছিলেন। সে পেশায় গাছ কাটার শ্রমিক। এ ঘটনার প্রায় ঘন্টাখানেক আগেও সে গাছ কাটা কাজ শেষে বাড়ি ফিরেছিলেন। কয়েক ঘন্টার ব্যবধানে সন্ত্রাসীদের গুলিতে লাশ হয়ে গেলো। পরিবারের ৪ ভাই ও ২ বোনের মধ্যে সে দ্বিতীয় বলে জানা গেছে।
সন্ত্রাসী হামলার কারণ সম্পর্কে সুস্পষ্টভাবে কেউ কোনো তথ্য দিতে না পারলেও মোজাহেদের বড় ভাই দিদারের সাথে পূর্ব শত্রুতার ধারণা করছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকার প্রতিটি ঘরে ঘরে আতংক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, পুরো ঘটনাটি অতর্কিত হয়েছে। সন্ধ্যায় এলাকার স্থানীয় হাছানের দোকানে বসে চা-নাস্তা খাওয়ার একপর্যায়ে ২০-৩০ জনের একটি সন্ত্রাসী দল এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ফাঁকা গুলি ছুঁড়ে। এরপর মোজাহেদের ঘরে গিয়ে তার বড় ভাই দিদারকে খুঁজে না পেয়ে তার মায়ের সামনেই ছেলে মোজাহেদ গুলি করে। এরপর হাছানের দোকানে গিয়ে দিদারের খোঁজ নেওয়ার একপর্যায়ে সবাইকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে দোকানে বসে থাকা ৫ জনকে গুরুতর আহত করে। পরে সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আবদুল মান্নান বলেন, “তাদেরকে এক এক করে ৭টার পর থেকে আনা হচ্ছিল। তাদের কারো হাতে, কারো পায়ে এবং কারো মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত ছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দুটো এম্বুল্যান্স করে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। তবে গুলিবিদ্ধ ব্যক্তিকে এখানে আনা হয়নি। তাকে সরাসরি চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।”
ঘটনাস্থলে থাকা দক্ষিণ রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. জসিম জানান, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ সন্ত্রাসী হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় গুলিবিদ্ধ মোজাহেদসহ আহতরা সবাই-ই চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে রাত ১০ টার দিকে গুলিবিদ্ধ মো. মোজাহেদ চমেক হাসপাতালে মারা গেছে”।
