সাড়ে চার বছর আগে পুলিশ হেফাজতে নির্যাতনে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর অভিযোগে শাহবাগ থানার অফিসার ইনচার্জ আবুল হাসান, রমনা মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল মামলা খারিজের বিষয়টি জানান।
এর আগে গত ১২ অক্টোবর মিলনের চাচা বিএনপি নেতা বি.এম. অলি উল্যাহ এ মামলার আবেদন করেন। কয়েক দফা শুনানি পিছিয়ে সোমবার আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন। এরপর সন্ধ্যায় আদালত থেকে জানানো হয়, মঙ্গলবার আদালত এ বিষয়ে আদেশ দিবেন। মঙ্গলবার সকালে আদালত মামলাটি খারিজের আদেশ দেন।
