রাঙামাটির লংগদু উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস সন্তু) গ্রুপের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত খীসা) গ্রুপের বন্দুকযুদ্ধে শ্যামল চাকমা (৪৫) নামে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার ২৩ আগস্ট রাত ৮ টায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার দুর্গম কাট্টলী এলাকায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।গোলাগুলির বিষযটি স্বীকার করলেও নিহতের বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ছোট কাট্টলীতে ইউপিডিএফ’র কর্মীরা অবস্থানকালে জেএসএস’র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে তাদের গুলিতে শ্যামল চাকমা নামে একজন সহযোদ্ধা শহীদ হয়েছেন। আমরা এমন ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি সরকারের পাতানো ফাঁদে পা না দিতে ও সংঘাত বন্ধে সন্তু লারমার প্রতি আহবান জানান তিনি।
কাট্টলী এলাকার ইউপি মেম্বার সাধন কুমার চাকমা বলেন, ছোট কাট্টলীর মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটলেও নিহতের ব্যাপারে এখনও নিশ্চিত বলতে পারছি না। শুনেছি ইউপিডিএফ গ্রুপের একজন নিহত হয়েছে।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সানজিদ আহমেদ বলেন, জেএসএস—ইউপিডিএফ এই দুইগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। তবে নিহতের বিষয়টি জানি না, জায়গাটি দুর্গম হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এখনো পৌঁছাতে পারেনি।
রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন বলেন, যদি গোলাগুলিতে নিহত হয়ে থাকে তাহলে মরদেহটি কোথায়? সঠিক প্রমাণ ছাড়া নিহত হয়েছে কিনা বলা যাচ্ছে না।
